ছটপুজোর ভিড়ে মাঝগঙ্গায় তলিয়ে যাচ্ছিল পোষ্য কুকুর! চোখে পড়তেই যা করলেন মন্ত্রী, প্রশংসায় নেটপাড়া
ছটপুজোর ভিড়ের মধ্যেই মাঝগঙ্গায় বিপত্তি। চোখের সামনে গঙ্গার স্রোতে ভেসে যাচ্ছিল একটি পোষ্য কুকুর। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলেও স্রোতের সঙ্গে পেরে উঠছিল না সে। প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে কুকুরটিকে ভেসে যেতে দেখে চিৎকার শুরু করেন কয়েক জন। সেই সময় ঘটনাটি নজরে আসে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁর। তাঁর তৎপরতায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কলকাতা পুলিশের উদ্যোগে উদ্ধার করা হয় সারমেয়টিকে। উদ্ধারের পর কুকুরটিকে তোয়ালে দিয়ে মুড়িয়ে গরম দুধও খাওয়ান মন্ত্রী।সোমবার সকালে ছটপুজো চলাকালীন এই ঘটনা ঘটে। হঠাৎই মন্ত্রীর নজরে আসে, একটি কুকুর মাঝগঙ্গায় ভেসে যাচ্ছে। প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে জলে ভেসে থাকার চেষ্টা করছিল সে। কিন্তু কিছুতেই পেরে উঠছিল না। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধারের নির্দেশ দেন মন্ত্রী।এর পর তিনটি দ্রুতগতির নৌকা নিয়ে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় কলকাতা রিভার ট্র্যাফিক পুলিশের জেটির কাছে কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়।উদ্ধারের পরই সারমেয়টির কাছে ছুটে যান মন্ত্রী। তখন ঠান্ডায় কাঁপছিল কুকুরটি। পাশে থাকা একটি সাদা তোয়ালে দিয়ে তার সারা শরীর মুড়িয়ে দেওয়া হয়। যাতে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য তাকে গরম দুধও খাওয়ান ইন্দ্রনীল।মন্ত্রী জানান, কুকুরটি এক পুণ্যার্থীর পোষ্য। ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ রয়েছে। দেখছিলাম, স্রোতে ভেসে যাচ্ছে। তবুও বাঁচার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের তৎপরতায় কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।ছটপুজোর ব্যস্ততার মধ্যেও একটি অবলা প্রাণীকে বাঁচাতে মন্ত্রী ও উদ্ধারকারী দলের এই উদ্যোগ নজর কেড়েছে। সময়মতো উদ্ধার করা না গেলে বড় বিপদ হতে পারত সারমেয়টির। আপাতত নিরাপদে রয়েছে পোষ্যটি।

